লাকসামে উপজেলা কারাতে একাডেমির বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

আরো কুমিল্লা খেলা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি:
ক্রীড়াক্ষেত্রে তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করা এবং কারাতে প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও অর্জনের স্বীকৃতি দিতে কুমিল্লার লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান এবং কারাতে সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও লাকসাম সিতোরিউ কারাতে-দো অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী ককর্মকর্তা ও লাকসাম উপজেলা কারাতে একাডেমির সভাপতি নার্গিস সুলতানা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, সমাজসেবক সৈয়দ মিজানুর রহমান হিরন, এডভোকেট নজরুল ইসলাম, অভিভাবক সালে মাহমুদ সুমন ও আব্দুস সাত্তার।

অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন কারাতে প্রশিক্ষক ও জাতীয় কারাতে রেফারি হারুন অর রশিদ সুমন।

অনুষ্ঠানে কারাতে প্রশিক্ষণার্থীদের মধ্যে যোগ্যতা ও প্রশিক্ষণ সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে ২১ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রয়োজনীয় কারাতে সামগ্রীও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, মনোবল ও দায়িত্ববোধ তৈরির একটি কার্যকর মাধ্যম। নিয়মিত কারাতে চর্চার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও বৃদ্ধি পায়। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে নার্গিস সুলতানা কারাতে প্রশিক্ষণার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। কারাতে প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লাকসামে কারাতে চর্চার প্রসারে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে কারাতে প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বেল্ট ও সার্টিফিকেট পাওয়ার পর প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজক ও প্রশিক্ষক হারুন অর রশিদ জানান, লাকসামে কারাতে প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *