বগুড়া শেরপুরের দুবলাগাড়ীতে খুঁড়ে রাখা সড়কে চরম দুর্ভোগ” দ্রুত সংস্কার করার দাবি

আইন-অপরাধ পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের দুবলাগাড়ী বাজার এলাকায় সংস্কারকাজের জন্য সড়ক খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাইকিং করে সড়ক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বর্ষার বৃষ্টিতে খোঁড়া সড়ক কাদা-পানিতে একাকার হয়ে পড়ায় যান চলাচল প্রায় অনুপযোগী হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের দুবলাগাড়ী এলাকায় সংস্কারকাজ করছে ‘হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সংস্কারকাজের জন্য সড়কের একটি বড় অংশ কেটে রাখা হয়েছে। তবে যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য পর্যাপ্ত ও নিরাপদ বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজ ধীরগতিতে এগিয়ে চলছে। একই সঙ্গে কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। দীর্ঘ সময় ধরে সড়ক খুঁড়ে রাখায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বৃষ্টির পর সড়কে কাদা-পানি জমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠছে।

এ অবস্থায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়ক বন্ধ রাখার ঘোষণায় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সড়কের চলাচল ব্যবস্থা ব্যাহত হওয়ায় ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সংস্কারকাজ শেষ করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কাজের গতি বাড়ানো এবং নির্মাণসামগ্রীর মান যথাযথভাবে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি কামনা করেছেন তারা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *