আইনজীবী না পাওয়ায় আড়াই মাস কারাবন্দী ৭ আসামির জামিন

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী না পাওয়ায় প্রায় আড়াই মাস কারাবন্দী থাকা লঘু অপরাধে অভিযুক্ত সাত আসামিকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতে জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী মোহাম্মদ ইসমাইল তাদের পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমত আরা তুসি জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন— ঈমাম হোসেন বাররু, মো. রমিন, মো. আকিব, মো. কুইক আলী, মো. জিদান, মো. সিফাত আলী ও মো. পরশ। তাদের মধ্যে পাঁচজনের বয়স ১৮ বছরের কম। আদালতের রিলিজ অর্ডার কারাগারে পৌঁছানোর পরই তাদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।
মামলাটি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে একটি সালিশ বৈঠকে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়। মামলার বাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হওয়ায় দীর্ঘদিন আসামিপক্ষের হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে রাজি হননি। ফলে দুই মাসেরও বেশি সময় ধরে তাদের জামিন আবেদন করা সম্ভব হয়নি।

পরবর্তীতে কারা কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে জেলা লিগ্যাল এইড কমিটি আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেয়। সেই ধারাবাহিকতায় রোববার আদালতে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন জানান, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং মেডিকেল রিপোর্টও পাওয়া গেছে। তিনি বলেন, ঘটনাটি দণ্ডবিধির ৩২৩ ধারার আওতাধীন অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে এবং শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত চিফ লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মো. আবু সাঈদ বলেন, আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী পাওয়ার অধিকার প্রত্যেক অভিযুক্তের সাংবিধানিক ও স্বীকৃত অধিকার। কেউ আইনজীবী নিয়োগ করতে ব্যর্থ হলে রাষ্ট্রের দায়িত্ব তার পক্ষে আইনজীবীর ব্যবস্থা করা। তিনি আরও বলেন, আইনজীবীদের স্বার্থসংশ্লিষ্ট মামলায় কোনো আইনজীবী আসামিপক্ষে দাঁড়াতে না চাইলে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইনজীবী সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদককে সেই দায়িত্ব পালন করতে হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *