
মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যমুনা লাইন পরিবহনের বাসের চালকের সহকারী (হেলপার) নয়ন (৩৮), তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত মাসুদুর রহমান (৩৮), একই উপজেলার চাঁনপুরি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে একটি পাথরবোঝাই ট্রাক সড়কের পাশের ওয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাসুদুর রহমান নিহত হন। এছাড়া বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুইজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে বাসচালক বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সময়মতো দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে মহাসড়কে বিকল যানবাহন দ্রুত ও নিরাপদে অপসারণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
