বগুড়ার শেরপুরে হামলা ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

আইন-অপরাধ পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগে জাকারিয়া সরকার জীবন (৩২) নামে উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাকারিয়া খানপুর ইউনিয়নের ভীমজানী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিকেলে শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় ‘মেসার্স সায়েম ট্রেডার্স ও সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর কার্যালয়ে কয়েকজন যুবকসহ জাকারিয়া প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাঁরা হামলা ও ভাঙচুর চালান এবং প্রতিষ্ঠানের কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, হামলা ও চাঁদা দাবির অভিযোগে জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তবে অভিযোগের বিষয়ে জাকারিয়া সরকার জীবনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *