
মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থ ও অসহায় রোগীদের জরুরি চিকিৎসায় সহায়তার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন শেরপুর’। সংগঠনটির উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে স্থায়ী ‘মানবতার সেবায় দানবাক্স’।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দানবাক্সটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকাম ট্যাক্স কনসালট্যান্ট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা ও বগুড়া ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য মো. জাহিদুল ইসলাম রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচ্ছল রোগীরা অনেক সময় জরুরি ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা কিংবা অন্যান্য চিকিৎসা ব্যয়ের অর্থ জোগাড় করতে সমস্যায় পড়েন। এ ধরনের উদ্যোগ তাদের জরুরি সময়ে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সহায়ক হতে পারে।
বক্তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার সামান্য দান, বাঁচাতে পারে একটি প্রাণ।’
‘ক্লিন শেরপুর’-এর সদস্যরা জানান, দানবাক্সে জমা হওয়া অর্থ স্বচ্ছতার সঙ্গে কেবল অসহায় ও দুস্থ রোগীদের জরুরি চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ‘ক্লিন শেরপুর’-এর তরুণ সদস্য এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
