
লাকসাম প্রতিনিধি:
প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে কুমিল্লার লাকসামে হতে যাচ্ছে বর্ণাঢ্য ক্রীড়া আয়োজন। আগামী সেপ্টেম্বর মাসে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এমপির আমন্ত্রণে ক্রীড়া প্রতিমন্ত্রীর লাকসামে আসার কথা রয়েছে।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর এমন বড় পরিসরের ক্রীড়া আয়োজনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
আয়োজকরা জানান, ফাইনাল ম্যাচটি শুধু একটি প্রতিযোগিতামূলক খেলা নয়, বরং লাকসামের ক্রীড়াপ্রেমী মানুষ, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি মিলনমেলায় পরিণত হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের মাদক ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লাকসামের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা আশা করছেন, ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী গোল্ডকাপের ফাইনাল আয়োজনটি আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে উঠবে। পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে লাকসামের স্থানীয় ফুটবল প্রতিভাদের উৎসাহিত করারও সুযোগ তৈরি হবে।
ফাইনাল খেলাকে সামনে রেখে লাকসাম স্টেডিয়ামজুড়ে থাকবে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশ—এমন প্রত্যাশা করছেন আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
