
সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কোমলমতি ছাত্রীদের ইভটিজিং (উত্ত্যক্ত) করার অভিযোগে ইদ্রিস মিয়া নামে এক বখাটেকে হাতেনাতে আটক করে জরিমানা করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলার উরুকচাইল গ্রাম থেকে অভিযুক্ত ইদ্রিস মিয়াকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীরা যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে অভিযুক্ত ইদ্রিস মিয়ার নানা ধরনের উত্ত্যক্ত ও অশালীন আচরণের শিকার হচ্ছিল। এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রশাসনকে অবগত করেন এবং স্থানীয় সচেতন মহলকে সাথে নিয়ে বখাটেকে হাতেনাতে আটক করার উদ্যোগ নেন। রবিবার ইভটিজিং করার সময় তাকে ধরে ফেলে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা দ্রুত ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক এই আইনি পদক্ষেপ নেওয়ায় স্থানীয় সর্বস্তরের জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা এবং গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
