ডাকাতের রামদার কোপে ভ্যানচালক গুরুতর জখম

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক ভ্যানচালককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আহত রাজপতি (৩৫) নামে ওই ভ্যানচালকের ফুসফুস কেটে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের পুষকুনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজপতি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের নামো মুশরীভুজা বিন্দুপাড়া গ্রামের ওকিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজপতি ভ্যান চালিয়ে শিবগঞ্জ উপজেলা থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন।

পথে পুষকুনি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা রামদা দিয়ে তাঁর পিঠে কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রাজপতিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, কোপের আঘাতে তাঁর ফুসফুস কেটে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, একজন ভ্যানচালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাঁর ভ্যানটি উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহীতে রেফার করেন।
ওসি আরও বলেন, ঘটনাটি ছিনতাই নাকি পূর্বপরিকল্পিত হামলা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *