
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করার লক্ষ্যে কুমিল্লার লাকসামে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লাকসাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।
সভায় বিদ্যুৎ সাশ্রয়ী জীবনযাত্রা গড়ে তোলা এবং নবায়নযোগ্য শক্তি হিসেবে সোলার প্যানেলের বহুল ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা করা হয়। এ সময় বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন ব্যবস্থার কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন সুবিধা পর্যালোচনা করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দৌলতগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এমএম রায়হানুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সৌরবিদ্যুতের ভূমিকা অপরিসীম। সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন ও সাধারণ বাসাবাড়ির ছাদে সোলার সিস্টেম স্থাপন করা গেলে জাতীয় গ্রিডের ওপর থেকে অতিরিক্ত চাপ কমবে এবং পাশাপাশি বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম, আইটি) মো. নাঈম।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজনেরা সভায় অংশ নিয়ে মতামত প্রকাশ করেন।
