
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মহাসড়কে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় শেরপুরের বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া নগরীর ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়ার শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুর পাড়ার তাপস সরকার (৫০) ও তাঁর ছেলে তীব্র সরকার (৩০)। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে গো-খাদ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি সীমান্তের দিকে যাচ্ছিল। ট্রাকটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়ালসেতুতে পৌঁছালে পেছনের একটি চাকা ফেটে যায়। পরে ট্রাকটি সড়কের ওপর দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন তাপস সরকার, তাঁর ছেলে তীব্রসহ কয়েকজন।
এ সময় ঢাকা থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মেরামতের কাজে থাকা তাপস সরকার ও তীব্র সরকার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুইজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শাহাজাহান সিরাজ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
