
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ধানখেত থেকে কাউসার হোসেন (২৩) নামের এক অটোরিকশাচালকের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) উপজেলার ১নং বাকই ইউনিয়নের ২নং ওয়ার্ডের তারাপুর গ্রাম থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাউসার ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাপুর গ্রামের একটি ধানখেতে কাউসারের দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ঘটনাস্থলে পৌঁছে তদারকি করেন এবং উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় নিহতের লাশের পাশ থেকে এক প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কীভাবে বা কী কারণে কাউসারের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
