
লাকসাম (কুমিল্লা): ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই অঙ্গীকারকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস সংলগ্ন হাউজিং এস্টেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ‘মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচিতে সঞ্চালনা করেন পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদ।
উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেন পিএফজি লাকসাম ইউনিটের পিস এম্বাসেডর সিরাজুল হক ও নাজনীন আক্তার নিপা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, মো. কামাল উদ্দিন, আওরঙ্গজেব খান রুবেল, ইউনুছ মজুমদার, জেসমিন আক্তার, রাশিদা বেগম, কামরুল হাসান সবুজ, শহীদুল ইসলাম, পলাশ পদ্ম বৈষ্ণব, আবদুল মমিন মজুমদার, আহসান হাবীব, আবদুর রহমান এবং দৈনিক যুগান্তরের লাকসাম প্রতিনিধি এমএ মান্নানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা ও সংঘাত এড়িয়ে সব রাজনৈতিক ও সামাজিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে স্থায়ী শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সহনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
