
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিশুদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা শাখার উদ্যোগে ‘সুন্নাতে খতনা কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট বদিউল আলম সজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন পাটোয়ারী।
আয়োজকরা জানান, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের বিনামূল্যে খতনার সুযোগ করে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। চিকিৎসক, স্বেচ্ছাসেবক, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও উপস্থিত ছিলেন। তারা হলেন ১নং ওয়ার্ডের মো. মমিন মাওলা, ২নং ওয়ার্ডের মোহাম্মদ আবু বকর, ৩নং ওয়ার্ডের মোহাম্মদ লোকমান হোসেন, ৪নং ওয়ার্ডের মো. আকবর হোসেন মোল্লা, ৫নং ওয়ার্ডের মো. খোরশেদ আলম তুহিন, ৬নং ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ডের মো. সাইফুল ইসলাম খোকন, ৮নং ওয়ার্ডের ফরিদ উদ্দিন সিদ্দিকী এবং ৯নং ওয়ার্ডের মাওলানা আবু জাফর মো. সালে। সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে ছিলেন মোছা. খাদিজা আক্তার, সাবিনা ইয়াসমিন শিমু ও মরিয়ম বেগম।
বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে এ সেবার আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করেন স্থানীয়রা।
