
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়া মেধাবী তরুণ বগুড়ার শেরপুর উপজেলার কৃতিসন্তান মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার (১২ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।
নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (Biochemistry and Molecular Biology) বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। তিনি ২০১৯–২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক।
সম্প্রতি সুইডেনের University of Skövde থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন নাজমুল হাসান। তবে বিদেশযাত্রা, প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। এমন সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে নতুন আশার সঞ্চার করেছে।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের সাধারণ পরিবারের সন্তান নাজমুল হাসানের আন্তর্জাতিক উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার গল্প নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। তার এই স্বপ্নযাত্রা দেশের হাজারো মেধাবী ও স্বপ্নবাজ তরুণকে উচ্চশিক্ষার জন্য এগিয়ে যেতে উৎসাহিত করবে।
