
মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার একটি গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫০টি পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার (১ আগস্ট) শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় নারী উদ্যোক্তা শাহানাজ খাতুন।
অভিযোগকারী শাহানাজ খাতুন জানান, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে মাশরুম চাষ, জৈব সার উৎপাদন, মাছ চাষ ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করছেন তিনি। একই গ্রামের বাসিন্দা মো. আব্দুল গফুরের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে আব্দুল গফুর তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা এবং এলাকার প্রায় ৫০টি পরিবারের ব্যবহৃত চলাচলের পথের ওপর ইট দিয়ে প্রাচীর নির্মাণ শুরু করেন। এতে স্থানীয়দের চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি শতাধিক কৃষক তাদের জমির ফসল আনা-নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়বেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শাহানাজ খাতুন আরও অভিযোগ করেন, প্রাচীর নির্মাণে বাধা দিতে গেলে আব্দুল গফুর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে কাজ চালিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. আব্দুল গফুর বলেন, “এটি আমার জমির সীমানা। ওই পথ দিয়ে শুধু শাহানাজ খাতুন চলাচল করতেন। আমি বাড়ি নির্মাণের জন্য নিজের জমিতে প্রাচীর দিচ্ছি।”
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
