চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

অর্থনীতি আরো জাতীয়
শেয়ার করুন...

দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পটির বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে একটি সমন্বিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চা শিল্পের উন্নয়ন বিষয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ শিল্পের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি খাতটির টেকসই উন্নয়নে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে।

সভায় প্রধানমন্ত্রী চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্পসুদে ঋণ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। এছাড়া চা বাগানের চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা দিতে সরকার প্রস্তুত।

চা শিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং চা বাগান মালিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *