
আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: সরকার নারী ও শিশুদের বিষয়টি নিয়ে অনেক আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সবকিছু সরকারের উপর ছেরে দিলে সম্ভব হবে না। প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। নিজেকে পরিবর্তন করে নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা আমাদের এ সমাজকে পরিবর্তন করতে সক্ষম হবো।
২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল নিয়ে তিনি বলেন, এখানে রোগীর সংখ্যা অনেক বেশি যার কারণে এ হাসপাতালকে ইতোমধ্যে ২৫০ থেকে ৬০০ শয্যায় পরিণত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে চিঠি ইস্যু হয়েছে এখন বাস্তবায়ন করার কাজ করা হবে।
হাসপাতাল নিয়ে মির্জা ফখরুল বলেন, এখানে হাসপাতালে রোগীর তুলনায় চিকিৎসক অনেক কম। নার্সদের সংখ্যাও তুলনামূলক অনেক কম। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জবলের ঘাটতি রয়েছে। তাই এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সিভিল সার্জন আনিসুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অন্যান্যরা।
