ডিগ্রি-সনদ ছাড়াই চিকিৎসা, বগুড়ার শেরপুরে কথিত ভুয়া চিকিৎসককে জরিমানা-কারাদণ্ড

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিগ্রি ও সনদবিহীন এক কথিত চিকিৎসককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্যানালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সুনীল কুমার বিশ্বাস রামচন্দ্র বিশ্বাসের ছেলে।
অভিযোগ রয়েছে, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি অপচিকিৎসা, ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রিপশন এবং শল্য চিকিৎসার মতো কার্যক্রম পরিচালনা করে আসছিলেন, যা আইনবহির্ভূত।
অভিযানকালে তার চেম্বারে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়।
পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত সুনীল কুমার বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *