
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে পেশাগত দায়িত্ব পালনকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে গোলাম মাহবুব ছোবানী নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সংবাদকর্মী।
জিডি সূত্রে জানা যায়, গোলাম মাহবুব ছোবানী‘দৈনিক মাতৃছায়া’ পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি, ‘বাংলানিউজটোয়েন্টিফোর.কম’-এর ডিজিটাল বিভাগের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘লাকসাম সিটি নিউজ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেজ পরিচালনা করছেন।
অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর লাকসাম সরকারি কলেজে এক ছাত্রীকে হেনস্তার ঘটনা নিয়ে গত ১৮ অক্টোবর ‘লাকসাম সিটি নিউজ’ ফেসবুক পেজে একটি সংবাদ পোস্ট করেন সাংবাদিক ছোবানী। ওই পোস্টকে কেন্দ্র করে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামের মনজুরুল হক নামের এক ব্যক্তি প্রথমে হোয়াটসঅ্যাপ নম্বরে এবং পরবর্তীতে পেজের ইনবক্সে যুক্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ওই সাংবাদিক ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরে স্থানীয় লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তাঁদের পরামর্শে আইনি পদক্ষেপ হিসেবে থানায় জিডি করেন তিনি।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক গোলাম মাহবুব ছোবানী বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফেসবুকে সংবাদ প্রকাশের জেরে আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমার কাছে এর সমস্ত ডিজিটাল প্রমাণ ও অডিও-রেকর্ড সংরক্ষিত আছে। আমি প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছি; প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করব।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, “সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে অভিযুক্ত মনজুরুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
