
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার লক্ষ্যে কুমিল্লার লাকসামে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে লাকসাম থানার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনকে বিপর্যস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো সমাজের ওপর। তাই মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সোমেন মজুমদার।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ, জামায়াত নেতা অ্যাডভোকেট বদিউল আলম সুজন, পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, গোলাম ফারুক, মো. শাহ আলম, নুরুন্নবী মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, মাদক প্রতিরোধে কিশোর ও তরুণদের প্রতি বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধুমহল সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সমাবেশ থেকে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
