
সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের শুভ উদ্বোধনী ক্লাস, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে এই উৎসবমুখর অনুষ্ঠানের সূচনা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ রঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ড. বদিউল আলম মজুমদার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের ২০ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থীর হাতে আর্থিক বৃত্তি তুলে দেন ড. বদিউল আলম মজুমদারের সহধর্মিনী ও উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট তাজিমা হোসেন মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. বদিউল আলম মজুমদার বলেন, শুধুমাত্র ভালো ফলাফলই প্রকৃত শিক্ষা নয়; সুশিক্ষার মূল লক্ষ্য হলো মানবিক মূল্যবোধসম্পন্ন ও নৈতিকতায় বলীয়ান মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। আজকের এই নারী শিক্ষার্থীরাই আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নবাগত ও অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
