
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
বিদ্যুৎ সাশ্রয় ও চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার মনোহরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় রাত ৮টার পর দোকান খোলা রাখাসহ সরকারি নির্দেশনা অমান্য করায় পাঁচটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার পর উপজেলার খোদাইভিটা থেকে উত্তর বাজার সিএনজি স্টেন্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী গত রোববার (১৬ আগস্ট) থেকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে খাবারের দোকান, রেস্টুরেন্ট ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বুধবার মাইকিং করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করায়, ভূঁইয়া ট্রেডার্স ৫০০ টাকা, সবুজ বাইক সেন্টার ৫০০ টাকা, সানজিদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ৫০০ টাকা, উদয়ন ডিজিটাল সাইন ১ হাজার টাকা এবং মামুন গার্মেন্টস কে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাঁচটি মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউএনও গাজালা পারভীন রুহি সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ সংকটের কারণে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে খাবারের দোকান, রেস্টুরেন্ট ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, গান-বাজনা, ওয়াজ-মাহফিলসহ যেসব আয়োজন রয়েছে সেগুলো রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, স্থানীয় ব্যক্তিবর্গসহ মনোহরগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
