বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

আরো কৃষি পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার তিন সফল মৎস্যচাষীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে সফলতার জন্য মির্জাপুরের জাহিদুল ইসলাম, মনোসেক্স তেলাপিয়া চাষে শাহবন্দেগী ইউনিয়নের আবদুর রাজ্জাক এবং কার্পজাতীয় মাছ চাষে সাফল্যের জন্য সীমাবাড়ী ইউনিয়নের হামিদুল হক সরকারকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এর আগে মৎস্যচাষীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে ৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু ও হাসানুল মারুফ প্রমুখ।
সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *