
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামের ঐতিহাসিক নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী।
রোববার তিনি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন, স্থাপত্যশৈলী ও নবাব ফয়জুন্নেছার কর্মময় জীবনের নানা স্মৃতিচিহ্ন সম্পর্কে অবহিত হন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জাদুঘরের ইতিহাস, সংরক্ষণ কার্যক্রম এবং দর্শনার্থীদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাকে অবগত করেন।
পরিদর্শনকালে মনিরুল হক চৌধুরী বলেন, নবাব ফয়জুন্নেছা শুধু কুমিল্লা নয়, সমগ্র বাংলাদেশের ইতিহাসে একজন অনন্য নারী। শিক্ষা, নারী জাগরণ, সমাজসেবা ও মানবকল্যাণে তাঁর অবদান আজও অনুকরণীয়। তাঁর স্মৃতিবিজড়িত এই জাদুঘর নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সবাইকে আন্তরিক হতে হবে। নবাব ফয়জুন্নেছা জাদুঘরকে আরও আকর্ষণীয় ও সমৃদ্ধ পর্যটন কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর স্মৃতিকে সংরক্ষণ ও তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এ জাদুঘরে তাঁর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ঐতিহাসিক দলিল, আলোকচিত্র ও মূল্যবান নিদর্শন সংরক্ষিত রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসেন।
পরিদর্শন শেষে তিনি জাদুঘরের সার্বিক উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ এবং ইতিহাসভিত্তিক পর্যটনের প্রসারে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।
