
ষ্টলাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া এলাকায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের চাপায় মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা-টঙ্গী-রামগঞ্জ-ভায়া-লাকসাম রুটে চলাচলকারী ‘হিমালয় এক্সপ্রেস (প্রা.) লিমিটেড’-এর একটি বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। নাথেরপেটুয়া এলাকায় পৌঁছালে বাসটি ওই সড়কে থাকা মিজানুর রহমানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে লালমাই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
