
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলওয়ে স্টেশনে চত্বর এলাকায় ট্রেনে কাটা পড়ে মোঃ ইলিয়াস (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ আত্রাই উপজেলার চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ওই তরুণ শাহাগোলা রেলস্টেশন এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় সান্তাহার থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাটা পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বলেন, রেল লাইনের ওপর দিয়ে হেটে যাবার সময় ইলিয়াসের কানে হেডফোন ছিল। তাই ট্রেন আসার শব্দ শুনতে পাননি। এ সময় পেছন থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#
