
আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যায়।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে মিতা কর্মকারের বসতবাড়িতে অভিযান চালায় মান্দা থানা পুলিশ।
পুলিশ জানায়, বাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষের খাটের নিচে হলুদ প্লাস্টিকের বস্তার ভেতর কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মিতা কর্মকার ও তার স্বামী বীরেন কর্মকার বাড়িতে গাঁজা মজুত রেখে মাদক ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক বীরেন কর্মকারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#
