
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ২৫৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম বলেন, শিক্ষার্থীদের আজকের এই অর্জন তাদের ভবিষ্যৎ পথচলার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রোকাইয়া নওশিন, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবতাহি আলম, মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী হালিমা আক্তার, আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্তি দেবনাথ, গণউদ্যোগ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সাবরিনা সুলতানা সামিয়া এবং মুদাফ্ফরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আয়শা আক্তার।
অনুষ্ঠান পরিচালনা করেন জালাল মেমোরিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, বিএন হাই স্কুলের সহকারী শিক্ষিকা কানিজ ফাতেমা এবং লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুনা লায়লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, লাকসাম পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আখতার হোসেন।
লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান ও আবুল হাসেম মানু, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ্ সোলতান খোকন।
এ ছাড়া নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ২৫৩ কৃতি শিক্ষার্থীর সাফল্য উদ্যাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের আগামী দিনের পথচলায় আরও ভালো করার প্রেরণা দেওয়া হয়।
