
রিয়াদ হোসাইন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কেউ পেয়েছে জিপিএ-৫, কেউ ‘এ’ গ্রেড সাফল্যের স্বীকৃতি হিসেবে কুমিল্লার লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাই স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৫১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দুজন জিপিএ-৫ এবং ১০ জন ‘এ’ গ্রেড অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আজগরা বাজার কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম, আজগরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল মমিন, মোস্তফা কামাল এবং আজগরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদ নিলয়।
আজগরা হাজী আলতাপ আলী হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাহ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিথিরা। তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এসএস ডালিয়া বেগম ও আবু জাহিদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. রিয়াজ উদ্দিন।
প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় পথচলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
