
জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
টানা তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারও উন্মুক্ত হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। বৈধ পাস বা অনুমতিপত্র নিয়ে মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণে নামবেন হাজার হাজার জেলে ও বাওয়ালি।
একই সঙ্গে পর্যটকদের জন্যও খুলে দেওয়া হবে সুন্দরবনের সব পর্যটনকেন্দ্র। দীর্ঘদিন পর বন খোলার খবরে উপকূলজুড়ে স্বস্তি ফিরলেও, বনজীবীদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে আছে মহাজনের ঋণ, এনজিওর কিস্তি এবং জলদস্যুদের আতঙ্ক। তিন মাসের নিষেধাজ্ঞায় বিপর্যস্ত উপকূল মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ছিল।
এই সময়ে সাতক্ষীরার শ্যামনগর, গাবুরা ও বুড়িগোয়ালিনী এলাকার হাজারো পরিবার আয়-রোজগার হারিয়ে চরম সংকটে পড়ে। গাবুরা ইউনিয়নের সোরা এলাকার প্রবীণ জেলে জিন্নাত গাজী বলেন, সুন্দরবন বন্ধ থাকলে আমাদের ঘরে চুলা জ্বলে না। বাধ্য হয়ে এনজিও থেকে ঋণ নিয়ে সংসার চালিয়েছি। এখন বন খুলছে, মনে হচ্ছে নতুন করে বাঁচার সুযোগ পেলাম। বুড়িগোয়ালিনীর নীলডুমুর গ্রামের জেলে রিপন গাজীও একই অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তিন মাস ধরে ধার-দেনার বোঝা মাথায় নিয়ে দিন গুনেছেন।
এখন মাছ ও কাঁকড়া ধরে সেই ঋণ শোধ করাই তার সবচেয়ে বড় লক্ষ্য। ঘাটে ঘাটে প্রস্তুতির ব্যস্ততা বন খোলার দিন ঘনিয়ে আসায় নদীতীরবর্তী ঘাটগুলোতে এখন নৌকা মেরামত, ছেঁড়া জাল সেলাই এবং বন বিভাগের পাস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জেলে-বাওয়ালিরা। একই সঙ্গে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও নতুন মৌসুম ঘিরে প্রস্তুতি শুরু করেছেন। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এরফান উদ্দীন বলেন, বনজীবীদের নিরাপদ প্রবেশ, পাস প্রদান এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় বন বিভাগের প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
দস্যু আতঙ্ক এখনো বড় উদ্বেগ উপকূলের মানুষের মুখে প্রচলিত প্রবাদ—“জলে কুমির, ডাঙায় বাঘ”। তবে স্থানীয় জেলেদের মতে, বর্তমান সময়ে এর চেয়েও বড় ভয় জলদস্যু ও বনদস্যুদের চাঁদাবাজি, অপহরণ ও হামলা। স্থানীয় সচেতন মহল দাবি করেছে, বন খুলে দেওয়ার পাশাপাশি বনের গভীরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের যৌথ টহল জোরদার করতে হবে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সরকারি বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন আবার সবার জন্য উন্মুক্ত করা হবে। নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে নজরদারি চালিয়েছে।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পুনরায় উন্মুক্ত হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।
এর আগে চলতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় প্রতিবছরের মতো এবারও এই তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালি, গোলপাতা সংগ্রহকারীসহ পর্যটকদের সুন্দরবনে প্রবেশের জন্য কোনো পাস বা অনুমতিপত্র দেওয়া হয়নি।
বন বিভাগ বলছে, জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী-খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীরা প্রজনন করে এবং বিভিন্ন উদ্ভিদের বীজ থেকে নতুন চারা জন্ম নেয়। মানুষের বিচরণ ও নৌযানের শব্দ কম থাকলে এই প্রাকৃতিক প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার সুযোগ পায়। তাই সুন্দরবনের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ।
তবে সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন বননির্ভর উপকূলীয় এলাকার মানুষ। কর্মহীন হয়ে পড়ায় সংসার চালাতে হিমশিম খায় এসব মানুষ।
পাশাপাশি বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ জাল ব্যবহার এবং বন্যপ্রাণী শিকারের মতো অপরাধ কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়েছেন তারা। নতুন জীবিকার প্রত্যাশা প্রজন্মের পর প্রজন্ম ধরে সুন্দরবনের ওপর নির্ভর করে বেঁচে থাকা বনজীবীদের কাছে এই বন শুধু জীববৈচিত্র্যের আধার নয়, বরং জীবিকার একমাত্র অবলম্বন। তাই সব ভয়-অনিশ্চয়তা পেছনে ফেলে আগামী ১ সেপ্টেম্বর লোনা জলে আবারও ভেলা ভাসাবেন হাজারো জেলে-বাওয়ালি।
তাদের প্রত্যাশা, সুন্দরবনের দুয়ার খোলার সঙ্গে সঙ্গে নতুন করে প্রাণ ফিরে পাবে পুরো উপকূল অঞ্চল।
