দেশে বিনা চিকিৎসায় আর রুগীর মৃত্যু দেখতে চাই না: নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী

আরো জাতীয় পরিবেশ রাজশাহী সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ:সরকার দেশের কোনো মানুষকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখতে চায় না উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। চিকিৎসাসেবার মান বাড়াতে আমরা মাঠপর্যায়ে সরাসরি পরিদর্শন ও তদারকি শুরু করেছি।’

রবিবার (২৩ আগস্ট) নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের শয্যা, রান্নাঘর, বাথরুম ও ওষুধের সরবরাহ ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান এবং চিকিৎসক-নার্সদের আচরণ সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, সেবাগ্রহীতাদের কাছ থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বরং সাধারণ মানুষ আগের চেয়ে ভালো চিকিৎসা পাচ্ছে বলে জানিয়েছে।

তবে পরিদর্শনকালে কিছু অনিয়ম নজরে আসায় মন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা ও নির্দেশনা দেন। স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করায় সংশ্লিষ্ট নার্সকে সতর্ক করেন তিনি এবং হাসপাতালের তত্ত্বাবধায়ককে দ্রুত বিষয়টি সমাধানের নির্দেশ দেন। এছাড়া নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে কর্মস্থলে আসায় চিকিৎসক ডা. দীন মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জন নির্দেশ দেন মন্ত্রী।

হাসপাতালের খাবারের মান উন্নয়ন প্রসঙ্গে ডা. সাখাওয়াত হোসেন জানান, ২৫০ শয্যার হাসপাতালে ১০০ শয্যার খাবারের বরাদ্দ থাকার সমস্যাটি চিহ্নিত করা হয়েছে। রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকায় উন্নীত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

ডায়ালিসিস সেবা সম্প্রসারণের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, নওগাঁ জেলা হাসপাতালে ১০টি এবং টারশিয়ারি পর্যায়ে ৫০টি ডায়ালাইসিস মেশিন দ্রুত স্থাপনের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২ বছরের মধ্যে সব উপজেলা হাসপাতালে ১০ বেডের ডায়ালিসিস ইউনিট চালু করা হবে। এছাড়া নওগাঁয় ৯ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিশেষায়িত বেড, আধুনিক প্যাথলজি ল্যাব ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত করা হবে।

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, লাইসেন্সহীন ও অনিয়মের দায়ে ক্লিনিকগুলোর বিরুদ্ধে দেশজুড়ে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা অব্যাহত রয়েছে। দেশের পুরো স্বাস্থ্য খাতকে আধুনিক ও সুশৃঙ্খল করতে সরকার কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান এবং সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *