
লাকসাম প্রতিনিধি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে লাকসাম কালচারাল সেন্টার।
সোমবার (২৫ মে) বিকেলে লাকসাম উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম কালচারাল সেন্টারের উপদেষ্টা কামাল হোসেন হেলাল, উপদেষ্টা বিশ্বতম সাহা বিশু, সাংবাদিক নেতা ও উপদেষ্টা সেলিম চৌধুরী হীরা এবং বিশিষ্ট সমাজসেবক বিদ্যুৎ সিংহ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য রাজিব রামু, দীপক সাহা, মোঃ রাজু, দীপক রায়, তপন দাস, ভূষণ সূত্রধরসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লাকসাম কালচারাল সেন্টারের পরিচালক ও প্রশিক্ষক শ্রীরাম দেবনাথ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিশির দত্ত।
সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য এবং নাট্য পরিবেশনার মাধ্যমে দুই কবির সাহিত্য, সংগীত ও মানবিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল কেবল বাংলা সাহিত্য নয়, বাঙালির সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মাঝে তাদের সাহিত্য ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরো বলেন, সাংস্কৃতিক চর্চা সমাজে মানবিকতা, সম্প্রীতি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও লাকসামে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন
