কুমিল্লা হয়ে চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পথসভায় জনস্রোত

আরো কুমিল্লা চট্টগ্রাম জাতীয় পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লায় ব্যাপক গণসংবর্ধনা ও পথসভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচিতে যোগদানের পূর্বে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে।
লাকসামের মুদাফরগঞ্জ বাজারে লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। যদিও এটি তার পূর্বনির্ধারিত সফরসূচির অংশ ছিল না, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের আমন্ত্রণে তিনি সেখানে উপস্থিত হন।
পথসভায় বক্তব্যকালে তারেক রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় সভাস্থলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এরপর তিনি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রাপথে কুমিল্লার বরুড়া উপজেলায় আয়োজিত আরেকটি পথসভায় অংশ নেন। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত বিভিন্ন স্থানে জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই কুমিল্লাকে বিভাগ এবং লাকসামকে জেলা ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
লালমাই-নাঙ্গলকোট আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে বিজয়পুর ও লালমাই এলাকায় এবং কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিজরা থেকে মুদাফরগঞ্জ পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো কুমিল্লাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন বড় রাজনৈতিক আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জেলায় নতুন মাত্রা যোগ করেছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *