বগুড়ার শেরপুরে কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য, বাবা বলছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু “আত্মহত্যার সন্দেহ পুলিশের

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে আরজিনা খাতুন (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দাবি করা হলেও পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে। বুধবার বিকেলে উপজেলার বিশালপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আরজিনা খাতুন বিশালপুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাকের মেয়ে। তিনি শেরপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, বুধবার সকালে আরজিনার বাবা থানায় এসে তার মেয়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়ে লিখিতভাবে জানান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে। এ সময় আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু চিহ্ন পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সকালে নিজ শোবার ঘরে আরজিনা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *