
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচলকারী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে লাকসাম থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৬৩টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলের পাশাপাশি পিকআপ, নোহা, প্রাইভেটকার, টেম্পুসহ বিভিন্ন ধরনের যানবাহনও আটক করা হয়েছে।
অভিযানকালে যানবাহনের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যেসব যানবাহনের চালকদের বৈধ লাইসেন্স কিংবা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
পুলিশের এ বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, লাইসেন্সবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা গেলে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও বাড়বে।
সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
