
সেলিম চৌধুরী হীরা:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের লাকসাম আগমন উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ভেন্যু লাকসাম উপজেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে লাকসাম উপজেলা একাদশ ও মনোহরগঞ্জ উপজেলা একাদশের মধ্যে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি স্টেডিয়ামটি পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রীর আগমন ও সফরকে কেন্দ্র করে স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি, মাঠের পরিবেশ এবং প্রয়োজনীয় আয়োজনের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনের পাশাপাশি তিনি আগামীকালের প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের জার্সি উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক শাহআলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
