নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার -১

আইন-অপরাধ আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল জানতে পারে, পয়না বাজারে নিজ মালিকানাধীন ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে।

এর ভিত্তিতে বিকেল ৩টা ১৫ মিনিটে ওই দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাজারে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়।

এ সময় দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জাল নোট তৈরি ও প্রচলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।#


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *