
আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শাহীন নামে আরও এক যুবক আহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। আহত আবু রায়হান গিটারকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর বুকের ক্ষত গভীর হওয়ায় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সম্প্রতি এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, সুজাউল ইসলাম ওই ঘরটি আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ব্যবহার করছিলেন। এ নিয়ে স্থানীয় লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
রোববার বিকেলে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমঝোতার চেষ্টা করতে সেখানে যান উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার। এ সময় সুজাউল ইসলাম তাঁকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করেন গিটার। তাঁকে বাঁচাতে গিয়ে শাহীন নামে আরও একজন আহত হন।
ঘটনার পর স্থানীয় জনতা সুজাউল ইসলামকে মারধর করলে তিনিও আহত হন। পরে তিনি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
আহত আবু রায়হান গিটার বলেন, “ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার করা নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছে। আমি দুপক্ষের মধ্যে সমঝোতা করতে চেষ্টা করি। এক পর্যায়ে সুজাউল ইসলাম আমাকে ছুরিকাঘাত করে।”
তবে সুজাউল ইসলামের ছেলে সিয়াম বলেন, তাঁর বাবা প্রায় চার বছর ধরে গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহার করে আসছেন। সম্প্রতি ওই ঘর ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। ঘরটিতে আওয়ামী লীগের লোকজন বসেন, এমন মিথ্যা দাবি করে এ নিয়ে আজ বিকেলে মারামারি হয়েছে। এর বেশি তিনি জানেন না।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, “আবু রায়হান গিটারের বুকের ক্ষত অনেক গভীর ছিল। প্রচুর রক্ত বের হচ্ছিল। পরীক্ষার জন্য যেসব যন্ত্রপাতি দরকার, আমাদের এখানে তা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
