
সেলিম চৌধুরী হীরা:
আগামী ডিসেম্বর ও বছর শুরুতে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এছাড়া জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের জন্য ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণাও দেন তিনি।
বুধবার বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিস্টদের আর কখনো সুযোগ দিতে চাই না। জ্বালাও-পোড়াও আর নয়; ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের উৎপাত বন্ধ করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাদুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, বিসিবির লজিস্টিক ও প্রটোকলস কমিটির চেয়ারম্যান ইয়াসির মো. ফয়সাল আশিক এবং জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য।
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ,সহ সভাপতি আবুল হোসেন মিলন,সাধারণ সম্পাদক ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ও মনির আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী লাকসামের আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীনবরণ ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে নবীন শিক্ষার্থীদের বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
