
আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে সহায়তা করতে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের অর্থায়নে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও সদর উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধা বিকাশে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা শিশুদের সুষ্ঠু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়, যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার কাজে ব্যবহৃত হবে।
