
একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। প্রায় ৭৫ বছরেরও বেশি সময় পর দেশটির আকাশে ঘটতে চলেছে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, যা প্রত্যক্ষ করবেন লাখো মানুষ।
গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ২ আগস্ট সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় প্রায় ছয় মিনিটের জন্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
সৌদি মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, আভা শহরসহ কয়েকটি এলাকায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে প্রায় ছয় মিনিট। জেদ্দা ও পশ্চিম উপকূলের কিছু অঞ্চলে এই সময়কাল হবে প্রায় ৫ মিনিট ৫০ সেকেন্ড। একই সময়ে প্রতিবেশী মিসরে সূর্যগ্রহণের স্থায়িত্ব আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তায়েফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ বেশ কয়েকটি শহরের ওপর দিয়ে অতিক্রম করবে।
বিজ্ঞানীদের মতে, এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সূর্যের বাইরের স্তর ‘করোনা’ নিয়ে গবেষণার জন্য একটি বিরল সুযোগ সৃষ্টি করবে। এ কারণে ওই সময়ে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে সৌদি আরব।
পূর্ণগ্রাসের বাইরে দেশটির অন্যান্য অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। স্থানভেদে সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ঢেকে যেতে পারে। এ সময় দিনের আলো সাময়িকভাবে গোধূলির মতো ম্লান হয়ে যাবে এবং তাপমাত্রাও কিছুটা কমে যেতে পারে।
এদিকে, বিরল এই মহাজাগতিক ঘটনা নিরাপদে উপভোগ করতে জনসাধারণকে সতর্ক করেছে সৌদি মহাকাশ সংস্থা। সংস্থাটি জানিয়েছে, খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য অবশ্যই আন্তর্জাতিক মানের সোলার ভিউয়িং গ্লাস বা বিশেষ ফিল্টারযুক্ত যন্ত্র ব্যবহার করতে হবে।
