সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল বাইক আরোহীর

আইন-অপরাধ খুলনা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগতির বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর মণ্ডল খুলনা জেলার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন শুভঙ্কর। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে বংশীপুর লস্কর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) তাঁর মোটরসাইকেলটিকে পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করার চেষ্টা করলে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে শ্যামনগর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভঙ্করের মরদেহ উদ্ধার করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *