লাকসামে ‘রওনাকে রমজান ২০২৬’ প্রতিযোগিতার জমকালো পুরস্কার বিতরণী

আরো ইসলামিক কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা:
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ইসলামি প্রতিযোগিতা ‘রওনাকে রমজান ২০২৬’-এর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোর দিগন্ত কালচারাল টিমের প্রযোজনায় এবং নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সেরা আটজন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে লক্ষাধিক টাকার পুরস্কার এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রমজানের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামি সংস্কৃতি, কুরআন তেলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন প্রতিভা বিকাশের লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল আল-ইসরা শিক্ষা পরিবার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মফিজুর রহমান। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, রমজানের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে এবং তরুণদের নৈতিকতা ও ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন আলোর দিগন্ত কালচারাল টিমের উদ্যোক্তা লোকমান গাজী। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে উপস্থিত দর্শক, প্রতিযোগী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এই আয়োজনের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির (অধ্যক্ষ, আল-ইসরা মাদ্রাসা), হাফেজ শামীম আহমাদ (মুহতামিম, নুরুল ঈমান মডেল মাদ্রাসা, লাকসাম), মাওলানা মুফতি রাফি মাহমুদ, হাফেজ মাওলানা আহসান হাবীব, হাফেজ হাসিব মুজ্জাম্মিল এবং হাফেজ মাসুম বিল্লাহ।
আয়োজকরা জানান, ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মাঝে ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *