লাকসামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌরসভার বেলতলা এলাকা থেকে মইন উদ্দিন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লাকসাম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত মইন উদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার বাসিন্দা। তিনি আবুল হাসেম ও রানু বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার পারিবারিক জীবনে অস্থিরতা বিরাজ করছিল। প্রায় ছয় মাস ধরে এ নিয়ে নানা ধরনের বিরোধ চলছিল বলে এলাকাবাসীর দাবি।

বুধবার (১ জুলাই) সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত হবে বলে আশা করছে পুলিশ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *