
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
ইফতারের ঠিক আগে নবাব ফয়েজুন্নেছা জাদুঘর সংলগ্ন একটি ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা করা হলে স্থানীয়দের সতর্কতা ও প্রশাসনের দ্রুত অভিযানে তা ভেস্তে যায়। ইফতারের পরপরই উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে সম্পত্তিটি দখলমুক্ত করে।
ঐতিহ্যের সাক্ষী নবাব ফয়েজুন্নেছা জাদুঘর সংলগ্ন এই জমি ওয়াকফভুক্ত বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি চক্র হঠাৎ করে জায়গাটি দখলের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার উপস্থিতিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে স্থাপিত কাঠামো অপসারণ করা হয় এবং সম্পত্তিটি দখলমুক্ত ঘোষণা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ও ওয়াকফ সম্পত্তি দখলের কোনো চেষ্টা বরদাশত করা হবে না।
এ ঘটনায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে ঐতিহাসিক স্থাপনার আশপাশের মূল্যবান সম্পদ বেহাত হওয়ার আশঙ্কা ছিল। তারা ঐতিহ্যবাহী স্থাপনা ও সংশ্লিষ্ট সম্পত্তি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানান।
সচেতন মহল মনে করছে, ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সম্পদ রক্ষায় প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগই হতে পারে কার্যকর সমাধান।
