
মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার বিলাশপুর ইউনিয়নে অবৈধভাবে সার মজুদ করার দায়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ৭৮ বস্তা সার জব্দ করা হয়।
একই অভিযানে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিরহাট বাজার থেকে আরও ৫৪ বস্তা সার জব্দ করা হয়েছে। তবে জব্দ করা এসব সারের কোনো মালিককে পাওয়া যায়নি। সব মিলিয়ে অভিযানে ১৩২ বস্তা সার জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিলাশপুর ইউনিয়ন ও বিশালপুর ইউনিয়নের রানিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে বিলাশপুর ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের বিষয়টি ধরা পড়লে রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি তার মজুদ থেকে ৭৮ বস্তা সার জব্দ করা হয়।
অন্যদিকে, রানিরহাট বাজারে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
