বগুড়ার শেরপুরে ২০ দিনেও সন্ধান মেলেনি আরডিএর ছাত্রী রাফার

আরো
শেয়ার করুন...

মিন্টু ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকার দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ২০ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ রাফা পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) স্কুলের ছাত্রী এবং ওই এলাকার রিয়াদ খানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি রাফা। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একমাত্র মেয়েকে হারিয়ে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাফার নিখোঁজ হওয়ার কারণ নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা রয়েছে। কেউ বলছেন, অভিমানের কারণে সে আত্মগোপনে রয়েছে, আবার কেউ প্রেমঘটিত সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ধারণা করছেন। তবে এসব বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রাফার মা সারমিনা আক্তার এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাফার অবস্থান শনাক্ত ও তাকে উদ্ধারে পুলিশের একটি টিম কাজ করছে।
এদিকে রাফার বাবা আবেগঘন এক বার্তায় মেয়ের উদ্দেশে বলেন, “তুমি যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকো, বাবা হিসেবে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কোথায় ছিলে বা কেন চলে গিয়েছিলে, এসব জানতে চাই না। শুধু চাই তুমি নিরাপদে বাড়ি ফিরে আসো। তোমাকে ছাড়া আমাদের ঘরটা আর আগের মতো নেই।”
রাফার পরিবারের পক্ষ থেকে যে কেউ তার সন্ধান পেলে শেরপুর থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *