
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ইসরাফিল মজুমদার রাহাত (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তার মৃত্যু ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
নিহত রাহাত উপজেলার উত্তরদা ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের (মোহন মিয়ার বাড়ি) দুলাল হোসেনের ছেলে। তিনি লাকসাম পৌরশহরের ইউনিটি ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে যুবকের মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সঠিক কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দিকে তাকিয়ে আছেন এলাকাবাসী।
লাকসাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নেছার আহাম্মদ মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলমান রয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
