
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে লাকসাম স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম—যিনি পীর সাহেব চরমোনাই নামে পরিচিত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার সময় দেশের মানুষের প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা দুর্নীতি, সহিংসতা ও অর্থপাচারের সংস্কৃতি গড়ে তুলেছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, এসব গোষ্ঠীর মাধ্যমে রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশকে ন্যায়নীতি ও সুশাসনের ভিত্তিতে গড়ে তোলার প্রত্যাশা থাকলেও শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। এ জন্য তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব সেলিম মাহমুদ বলেন, ভোট একটি পবিত্র আমানত। তাই চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে লাকসামকে জেলা, মনোহরগঞ্জকে পৌরসভা এবং নাথেরপেটুয়াকে থানা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এলাকায় সব ধরনের দুর্নীতি বন্ধ করা হবে এবং জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন সুমন, ইসলামী রেলওয়ে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শহীদুল্লাহ ভূঁইয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নুরুদ্দিন হামিদী, জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান, সদ্য সাবেক আলিয়া মাদ্রাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, লাকসাম উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ ফারুকী, পৌরসভা সভাপতি মুফতি ইমরান হোসাইন, মনোহরগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ ও উত্তর শাখার সভাপতি মাওলানা নোমান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
